নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, ছেলের বিরুদ্ধে বিষ প্রয়োগের অভিযোগ

নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে নিজ বাড়ি থেকে লোকমান মন্ডল (৫৫) এবং তার স্ত্রী দেলোয়ারা বেগমের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে শোবার ঘরের খাটের ওপর স্বামী-স্ত্রীর নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী নিজ কক্ষে ঘুমাতে যান। ভোর চারটার দিকে নিহতদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের ডেকে আনলে তারা শয়নকক্ষে বাবা-মায়ের মরদেহ দেখতে পান। এলাকাবাসীর অভিযোগ, মুক্তার হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্তি ও অনলাইন জুয়ায় লিপ্ত ছিলেন। নেশার টাকার জন্য বাবা-মায়ের সঙ্গে তার বিরোধ চলছিল এবং টাকা দিতে অস্বীকার করায় পরিকল্পিতভাবে তাদের বিষাক্ত কিছু খাইয়ে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়রা ও নিহতের স্বজনরা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%