চকরিয়ায় বন্যার্তদের মাঝে জামায়াতে ইসলামীর ত্রাণ বিতরণ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার হারবাং ইউনিয়ন ও চকরিয়া পৌরসভার দুটি পৃথক স্থানে এ ত্রাণ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।
চকরিয়া উপজেলা ও পৌরসভা জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হারবাং ইউনিয়নের হামেদিয়া মাদ্রাসা মাঠ এবং চকরিয়া পৌরসভার ফুলতলা মাদ্রাসা মাঠে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ শাহজাহান।
কক্সবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুখের তত্ত্বাবধানে আয়োজিত এ ত্রাণ কার্যক্রমে জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা আমির মাওলানা আবুল বশর এবং পৌরসভা আমির আরিফুল কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্যান্যদের মধ্যে ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন হেলালী, মাওলানা জামাল হোছাইন নুরী, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দীন আহমদ বাবর, অধ্যাপক আবু নঈম আযাদ, সরওয়ার কামাল, মাওলানা শেখ আহমদ ও জুনাইদ সিকদার।
ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, বরং এটি একটি সামাজিক ও নৈতিক কর্তব্য। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামী তাদের সামর্থ্য অনুযায়ী মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করেন তারা।
সহায়তা পেয়ে স্থানীয় উপকারভোগীরা আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এলাকাবাসীর ভাষ্যমতে, বন্যায় অনেক পরিবার চরম খাদ্যসংকট ও নানামুখী দুর্ভোগের কবলে পড়েছে, এমন পরিস্থিতিতে প্রাপ্ত এ সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে।