চট্টগ্রামে পানিবন্দি মানুষের পাশে প্রতিমন্ত্রী, ত্রাণ বিতরণ অব্যাহত রাখার নির্দেশ

টানা ভারী বর্ষণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রাম নগরের চান্দগাঁও সিঅ্যান্ডবি ও মোহরা এলাকার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রোববার এলাকাগুলো পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন। এ সময় সরকারি সহায়তার অংশ হিসেবে পানিবন্দি মানুষের হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ তুলে দেন প্রতিমন্ত্রী।
দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব। পানিবন্দি এসব মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ ও সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে এবং কাউকে কষ্টে থাকতে দেওয়া হবে না। তারেক রহমানের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলসভাবে মাঠে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পানিবন্দি মানুষের খাদ্য, আশ্রয় ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ত্রাণ ও সেবামূলক কার্যক্রম চলমান থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং সংসদ সদস্য সাঈদ আল নোমান উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
