টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত মা হাতির মৃত্যু

কক্সবাজারের টেকনাফ পৌরসভাসংলগ্ন নাইট্যাংপাড়া ও সদর বনবিটের শিয়াল্যাঘোনা এলাকায় পাহাড়ের ৩০০ ফুট উচ্চতা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হওয়া সেই বন্য মা হাতিটি শেষ পর্যন্ত মারা গেছে। টানা কয়েকদিনের নিবিড় পরিচর্যা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রাণান্তকর চেষ্টা সত্ত্বেও রোববার সকাল ১০টায় হাতিটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ।

বিজ্ঞাপন

ভারী বর্ষণের কারণে পাহাড়ের মাটি নরম হয়ে ধসে যাওয়ায় গত ১১ জুলাই বন্য হাতিটি পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে যায়। এ ঘটনায় হাতিটি গুরুতর আহত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। তিনি অত্যন্ত উদ্বেগের সঙ্গে হাতিটির সুচিকিৎসা নিশ্চিত করতে এবং সেটিকে দ্রুত সুস্থ করে তোলার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পরপরই উন্নত চিকিৎসার জন্য ডুলাহাজারা সাফারি পার্ক থেকে বিশেষজ্ঞ টিম এবং বন্যপ্রাণী চিকিৎসক ড. মোস্তাফিজের নেতৃত্বে এলিফ্যান্ট রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছায়।

বন বিভাগের কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে ও স্থানীয় প্রাণিসম্পদ বিভাগের সহায়তায় হাতিটিকে বাঁচিয়ে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হয়েছিল। দীর্ঘ কয়েকদিন ধরে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসাধীন থাকার পরও শেষ রক্ষা হয়নি। হাতিটির মৃত্যুতে স্থানীয় পরিবেশবাদী ও সচেতন মহলে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও বন বিভাগের দায়িত্বরতরা গভীর দুঃখ প্রকাশ করেছেন।

0%
0%
0%
0%