টানা বর্ষণে ফের জলাবদ্ধতায় ডুবল চট্টগ্রাম জনদুর্ভোগ চরমে

টানা বর্ষণে আবারও অচল হয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রামের জনজীবন। গত শনিবার রাত থেকে শুরু হওয়া ভারি বর্ষণ রোববার সকাল পর্যন্ত অব্যাহত থাকায় নগরীর বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে পানির নিচে। এতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

বিজ্ঞাপন

চকবাজার, কাপাসগোলা, কাতালগঞ্জ সিডিএ আবাসিক এলাকা, টেকবাজার, বহদ্দারহাট ও হামজারবাগসহ নগরীর বিভিন্ন নিচু এলাকায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে গেছে। অনেক বাসাবাড়ির নিচতলায় পানি ঢুকে পড়ায় বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছেন। প্রধান সড়কগুলো জলমগ্ন হওয়ায় গণপরিবহন চলাচল বিঘ্নিত হচ্ছে, যার ফলে কর্মজীবী মানুষেরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন।

কালুরঘাট থেকে আরাকান সড়কের বিভিন্ন অংশ তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। নিচু এলাকাগুলোর ঘরবাড়ি থেকে পানি না নামায় স্থানীয় পরিবারগুলো চরম খাদ্য ও পানীয় সংকটে পড়েছে এবং নিত্যপ্রয়োজনীয় কাজে বের হতে পারছে না।

জলাবদ্ধতা নিরসনে দীর্ঘ সময় ধরে নানা প্রকল্প গ্রহণের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী। দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম অঞ্চলে আগামী কয়েক দিন আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%