কুষ্টিয়ার পদ্মা নদীতে ৩৯ কেজির বিশাল কাতলা মাছ শিকার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা পাথরঘাট এলাকার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় এক মণ ওজনের বিশাল আকৃতির একটি কাতলা মাছ। শনিবার সন্ধ্যায় নদীতে মাছ ধরার সময় স্থানীয় জেলে মুরাদ ও তার সঙ্গীদের জালে মাছটি আটকা পড়ে। দীর্ঘ চেষ্টার পর জাল টেনে ডাঙ্গায় তুলতেই বিশাল এই মাছটি দেখে উৎসুক জনতার ভিড় জমে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই পদ্মা নদীতে বেড়জাল ফেলেছিলেন জেলেরা। কয়েক ঘণ্টা পর জালে বড় কোনো কিছুর অস্তিত্ব টের পেয়ে সাবধানে জাল তীরের দিকে নিয়ে আসেন তারা। জাল থেকে মাছটি উদ্ধার করার পর ওজন দিয়ে দেখা যায়, এর ওজন প্রায় ৩৯ কেজি। পরে প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে ৪৬ হাজার ৮০০ টাকায় মাছটি বিক্রি করা হয়।
ভেড়ামারার বাসিন্দা রিপন আলী তার কয়েকজন বন্ধুকে নিয়ে মাছটি কিনে নেন এবং নিজেদের মধ্যে ভাগ করে নেন। স্থানীয় প্রবীণরা জানিয়েছেন, পদ্মা নদীর ওই অংশে এর আগে কখনো এত বড় কাতলা মাছ ধরা পড়ার ঘটনা তাদের স্মৃতিতে নেই। বিরল এই মাছটি দেখতে ও এর ওজন সম্পর্কে নিশ্চিত হতে স্থানীয়রা রায়টা পাথরঘাট এলাকায় ভিড় জমান।