কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বলদিপাড়া এলাকায় বৈদ্যুতিক ত্রুটির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে নিজ বাড়িতে ঘটা এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন সত্তর বছর বয়সী সাইদুর রহমান ও তাঁর স্ত্রী ষাট বছর বয়সী রাবেয়া বেগম।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাবেয়া বেগম বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে গেলে বৈদ্যুতিক গোলযোগের কারণে বিদ্যুতায়িত টিনের বেড়ার সংস্পর্শে এসে গুরুতর আহত হন। স্ত্রীকে বাঁচাতে স্বামী সাইদুর রহমান দ্রুত এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, বৈদ্যুতিক সংযোগে ত্রুটি থাকায় টিনের বেড়াটি বিদ্যুতায়িত ছিল, যা আগে থেকে কারো নজরে আসেনি। এই আকস্মিক ও করুণ মৃত্যুতে এলাকাবাসী ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ সম্পন্ন করেছে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের শনাক্তসহ দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%