ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ৫০ জন বাংলাদেশি। রোববার রাত ১০টার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।
ফেরত আসা নাগরিকদের মধ্যে যশোর, নড়াইল, ঝিনাইদহ, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, টাঙ্গাইল, চাঁদপুর ও মাদারীপুর জেলার বাসিন্দা রয়েছেন। ভুক্তভোগীরা জানিয়েছেন, উন্নত জীবনের প্রলোভনে দালালদের খপ্পরে পড়ে ২০১৮ সালে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। সেখানে বিভিন্ন কলকারখানা ও গৃহস্থালির কাজে নিয়োজিত থাকাকালে ভারতীয় পুলিশের হাতে আটকের পর অনুপ্রবেশের দায়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
সাজা ভোগের পর ভারতের একটি মানবাধিকার সংস্থার সহায়তায় ও দুই দেশের দূতাবাসের কূটনৈতিক তৎপরতায় তারা দেশে ফেরার সুযোগ পান। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামক মানবাধিকার সংস্থা ২৫ জনকে এবং রাইটস যশোর অন্য ২৫ জনকে গ্রহণ করেছে।
বর্তমানে ফেরত আসাদের সংশ্লিষ্ট সংস্থার শেল্টার হোমে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক সহায়তা প্রদান শেষে সোমবার তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। দীর্ঘ সময় পর নিজ মাতৃভূমিতে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।