চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ মাদক কারবারি পরিবারের চার সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফুলকুড়ি সিএনবি ঘাট সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই কেজি ৬৯৫ গ্রাম হিরোইনসহ একই পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মাদক কারবারের সঙ্গে জড়িত স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ওই এলাকার বাসিন্দা ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রহমান, তার স্ত্রী মাসিরুন বেগম এবং তাদের দুই ছেলে শুকুরদি ও মাসুদ রানা। দীর্ঘ দিন ধরেই আব্দুর রহমানের বাড়িতে মাদক কেনাবেচার অভয়ারণ্য গড়ে উঠেছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরিবারের সদস্যরা সম্মিলিতভাবে মাদকদ্রব্য প্যাকেটজাত করে বিভিন্ন স্থানে পাচারের পরিকল্পনা করছিলেন।
অভিযানের সময় মাদকদ্রব্য ছাড়াও নগদ ২৪ হাজার টাকা, পাঁচটি মোবাইল ফোন, একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র এবং স্বর্ণ ও রৌপ্য নির্মিত আংটিসহ মাদক ব্যবসার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এক সংবাদ সম্মেলনে জানান, আব্দুর রহমান পুলিশের তালিকাভুক্ত একজন শীর্ষ মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে তিনি এই অবৈধ কারবার চালিয়ে আসছিলেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের জঘন্য মাদক কারবারের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।