ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির প্রথম আহ্বায়ক কমিটি অনুমোদন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টির সহযোগী ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র শাখা কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করার লক্ষ্যে এই আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। রোববার জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
নবগঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুয়াদ হাসান এবং সদস্য সচিব হয়েছেন টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ইফতেহার উদ্দিন মো. তামিম। এছাড়া আল হাদিস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী যায়েদ বিন ওসমানকে সংগঠনের মুখ্য সংগঠক হিসেবে মনোনীত করা হয়েছে।
দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সদস্য সচিব ইফতেহার উদ্দিন মো. তামিম বলেন, জুলাই অভ্যুত্থানের রক্তাক্ত রাজপথ থেকে উঠে আসা এই সংগঠনের অংশীদার হওয়া একটি বড় দায়বদ্ধতা। শহীদদের ত্যাগের বিনিময়ে অর্জিত ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণে আমরা বদ্ধপরিকর।
আহ্বায়ক ফুয়াদ হাসান জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির এই নতুন কমিটি জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও অধিকার আদায়ের লড়াইয়ে সামনের সারিতে থাকবে। তিনি আরও বলেন, আমরা একটি মধ্যপন্থী রাজনীতি গড়ে তুলতে চাই, যেখানে ফ্যাসিবাদী মতাদর্শে বিশ্বাসী নয় এমন বাংলাদেশপন্থীদের নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।