AdvertisementAdvertisement

মোংলায় বিএনপি নেতা মৃধা ফারুকুলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা বাজার মাঠে স্থানীয় সর্বসাধারণের আয়োজনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে মোংলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। মো. হারুন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, পশ্চিম বাজিকরেরখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিবাদের সূত্রপাত হয়। এই ঘটনার প্রেক্ষিতে মোংলা থানায় দায়ের করা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মৃধা ফারুকুল ইসলামকে আসামি করা হয়েছে। বক্তাদের ভাষ্যমতে, দীর্ঘ সময় ধরে এলাকায় সক্রিয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে জনপ্রিয় মৃধা ফারুকুল ইসলামকে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে হয়রানির চেষ্টা করছে।

Advertisement
বিজ্ঞাপন

সমাবেশে বক্তব্য রাখেন মোংলা উপজেলা বিএনপির সহসভাপতি নিজাম মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা এনসিপির আহ্বায়ক মৃধা মাজিদুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে প্রশাসনের কাছে আবেদন জানান যেন প্রকৃত সত্য উদঘাটনের লক্ষ্যে ঘটনার স্বচ্ছ তদন্ত করা হয়। তাদের দৃঢ় বিশ্বাস, নিরপেক্ষ তদন্ত সম্পন্ন হলে মৃধা ফারুকুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি খুঁজে পাওয়া যাবে না।

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অবিলম্বে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানান। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%