খাগড়াছড়িতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা শহরে বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার বিকেলে জেলা শহরের শাপলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এসে শেষ হয়। এরপর সেখানে আয়োজিত সমাবেশে স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সমবেত হন।
জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা সৈয়দ আব্দুল মোমেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, এনসিপির জেলা আহ্বায়ক মো. নূর আলম, জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমান, এনসিপির জেলা সদস্য সচিব চাইথোয়াই মারমা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. আব্দুস সত্তার। বক্তারা জুলাই আন্দোলনকে বৈষম্য ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে এক অকুতোভয় সংগ্রাম হিসেবে আখ্যায়িত করেন।
সমাবেশে অভিযোগ তোলা হয় যে, বর্তমান সরকার ৭০ শতাংশ মানুষের ভোটে সমর্থিত জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করে জনগণের সাথে প্রতারণা করছে। বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে ক্ষমতায় আরোহণ করলেও সরকার জুলাই গণহত্যা, গুম ও হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় চরম অবহেলা প্রদর্শন করছে। বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে কোনো কর্মসূচি না নেওয়া, বিচার প্রক্রিয়ার গতি মন্থর করা এবং চিফ প্রসিকিউটর পরিবর্তনের মতো ঘটনাকে শহীদদের আত্মত্যাগের সাথে অবিচার বলে অভিহিত করেন তারা।
গণআকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটাতে এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন। অবিলম্বে জুলাই গণহত্যাসহ বিগত দিনের সকল গুম-খুনের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তারা বলেন, অন্যথায় রাজপথে আরও কঠোর গণআন্দোলন গড়ে তোলা হবে।