চুয়াডাঙ্গায় মোটরসাইকেল থামাতে বলায় দুই পুলিশ সদস্যকে মারধর, আটক ৪ কিশোর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বণ্ডবিল রেলগেট এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় চার কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। স্থানীয়দের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং চারজনকে আটক করা সম্ভব হয়।

বিজ্ঞাপন

আহত পুলিশ সদস্যরা হলেন আলমডাঙ্গা থানার উপপরিদর্শক শোভন কুমার এবং সহকারী উপপরিদর্শক সোহেল রানা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে ছয় থেকে সাতটি মোটরসাইকেলে ১২ থেকে ১৪ জন কিশোরের একটি দল অত্যন্ত উচ্চশব্দে ও বেপরোয়া গতিতে ওই এলাকা দিয়ে যাচ্ছিল। কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের গতি কমিয়ে সাবধানে চলাচলের নির্দেশ দিলে ক্ষিপ্ত হয়ে তারা পুলিশ সদস্যদের ওপর চড়াও হয়।

হামলার শিকার এএসআই সোহেল রানা জানান, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার তাগিদে তাদের গতি নিয়ন্ত্রণে আনতে বলা হয়েছিল। এতেই উত্তেজিত হয়ে কিশোররা অতর্কিতে হামলা চালায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করেন এবং চার কিশোরকে আটক করতে সহায়তা করেন। তবে এ সময় বাকিরা মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আটককৃত কিশোররা হলো চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার সাকিন, আহমেদ হোসেন, রাজ এবং আব্দুল। আলমডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা বিকাশ চন্দ্র জানান, সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%