চাঁদা দাবির অডিও ভাইরাল, ঝিনাইদহ সদর উপজেলা যুবদল নেতা বহিষ্কার

ঝিনাইদহ সদর উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবির অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। এই ঘটনায় অভিযুক্ত সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আতিয়ার রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক বহিষ্কার করেছে জেলা শাখা। বৃহস্পতিবার ঝিনাইদহ জেলা যুবদলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি ছড়িয়ে পড়া ওই অডিও ক্লিপে আতিয়ার রহমানকে স্থানীয় এক সংখ্যালঘু ব্যক্তির কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করতে শোনা যায়। দাবিকৃত অর্থ না দিলে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এমন কর্মকাণ্ডে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

ঘটনার সত্যতা যাচাইয়ে প্রাথমিক তদন্তে আতিয়ার রহমানের বিরুদ্ধে উত্থাপিত অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়টি আমলে নিয়ে জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুর নির্দেশক্রমে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা যুবদলের দপ্তর সম্পাদক মশিউর রহমানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আতিয়ার রহমানকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অবিলম্বে এই বহিষ্কারাদেশ কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%