গাইবান্ধায় অসচ্ছল পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করলেন সাংসদ আব্দুল করিম

গাইবান্ধা সদর উপজেলার ১২ নম্বর কামারজানি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় গৃহহীন ও অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঢেউটিন তুলে দেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম। এ সময় তিনি সরকারের উন্নয়ন সহায়তাগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে প্রকৃত দুস্থদের কাছে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আরও উল্লেখ করেন যে, প্রান্তিক মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জনকল্যাণমূলক এসব কর্মকাণ্ড অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্বের বিষয়ে আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান সংসদ সদস্য। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মসূচির সুফল যাতে কোনোভাবেই অপাত্রে না যায়, সেদিকে কঠোর নজরদারি বজায় রাখতে হবে।
উক্ত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আমির ও জামায়াত মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নূরুল ইসলাম মন্ডল। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ঢেউটিন প্রাপ্ত সুবিধাভোগীরা এ সময় উপস্থিত ছিলেন।