দিনাজপুর বোর্ডে এইচএসসি প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ৯৩৭ জন, বহিষ্কৃত ১

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় ১ হাজার ৯৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এই শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলায় মোট ৯১ হাজার ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৯ হাজার ৯৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পরীক্ষায় অনুপস্থিতির হার মোট পরীক্ষার্থীর ২ দশমিক ১৩ শতাংশ।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন জানান, ঠাকুরগাঁও জেলার একটি কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বোর্ডের আওতাধীন অন্য কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, প্রথম দিনের পরীক্ষায় রংপুরে ৩৭৯ জন, গাইবান্ধায় ৩২৪ জন, দিনাজপুরে ৩৬৬ জন এবং নীলফামারীতে ২৩২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া কুড়িগ্রামে ২০৪ জন, ঠাকুরগাঁওয়ে ১৬০ জন, লালমনিরহাটে ১৩৪ জন ও পঞ্চগড় জেলায় ১২৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং কেন্দ্র সংশ্লিষ্টদের সমন্বিত তৎপরতা অব্যাহত রয়েছে। বোর্ডের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, আসন্ন পরীক্ষাগুলোও একই রকম সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।
