ঢাকা-ভাঙ্গা রেলপথে যন্ত্রাংশ চুরির মহোৎসব, বাড়ছে বড় দুর্ঘটনার ঝুঁকি

মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা রেলপথের সিগন্যাল ব্যবস্থার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। নিয়মিত চুরির কারণে সিগন্যালিং ব্যবস্থা অচল হয়ে পড়ায় ট্রেন চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে রেলওয়ে কর্মীদের বর্তমানে ম্যানুয়াল পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
২০২৩ সালের ১০ অক্টোবর পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রেলপথ চালু হওয়ার পর থেকে এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে ওঠে। তবে সাম্প্রতিক সময়ে এই রেলপথের সিগন্যাল পয়েন্ট থেকে ট্র্যাক পটসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরির হিড়িক পড়েছে। গত ১৯ জুন রাতে শিবচর অংশে পদ্মা রেলওয়ে স্টেশনের সিগন্যাল পয়েন্ট থেকে বেশ কিছু ট্র্যাক পট চুরি হয়, যা এর আগের ৯ জুন এবং ১৮ মার্চের ঘটনার পুনরাবৃত্তি মাত্র।
শুধু শিবচর নয়, গত ছয় মাসে পুরো ঢাকা-ভাঙ্গা রেলপথের বিভিন্ন স্টেশনে একই ধরনের চুরির ঘটনা ঘটছে। এতে সিগন্যাল ব্লক ব্যবস্থা অচল হয়ে পড়ায় ট্রেন পরিচালনায় অতিরিক্ত সময়ের প্রয়োজন হচ্ছে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিচ্ছে। রেলওয়ের কর্মীরা বর্তমানে ‘লুক স্টিক’ ব্যবহার করে পেপার লাইন ক্লিয়ার কার্যক্রম পরিচালনা করছেন, যা অত্যন্ত সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ একটি প্রক্রিয়া।
পদ্মা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খাইরুল ইসলাম ও শিবচর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ সেলিম হোসেন জানিয়েছেন, ঘন ঘন যন্ত্রাংশ চুরির ফলে ট্রেন সময়মতো গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে। তারা আরও জানান, রেলপথে আগের মতো পুলিশের নিয়মিত টহল না থাকায় দুর্বৃত্তরা নির্বিঘ্নে এসব সরকারি সম্পদ চুরি করছে। গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় রেলপথে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা ও কঠোর নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা।
ভাঙ্গা রেলওয়ে পুলিশের পরিদর্শক শাহজালাল জানিয়েছেন, চুরির ঘটনায় ইতিপূর্বে মামলা দায়ের করা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ভৌগোলিক দূরত্বের কারণে নিয়মিত টহলে কিছুটা সীমাবদ্ধতা থাকলেও চুরি প্রতিরোধে দ্রুত টহল ব্যবস্থা আরও জোরদার করার আশ্বাস দিয়েছেন তিনি। এহেন পরিস্থিতিতে রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
