চাটখিলে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় ৬ জুলাই নির্ধারণ

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের শিশু আসমা আক্তার হত্যাকাণ্ডের মামলায় রায়ের তারিখ পুনরায় পরিবর্তন করা হয়েছে। বুধবার জেলার বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার মামলার রায় ঘোষণার জন্য আগামী ৬ জুলাই দিন ধার্য করেছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো মামলার রায় ঘোষণার তারিখ পরিবর্তন করা হলো।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু আসমা। সে ওই গ্রামের মাওলানা মো. শাহজাহানের মেয়ে। নিখোঁজের নয় দিন পর বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় আসমার মরদেহ। ঘটনার পর নিহতের জেঠাতো ভাই শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
তদন্তকালে আসামি শাহাদাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জবানবন্দিতে সে জানায়, শিশু আসমাকে ধর্ষণের পর ঘটনা জানাজানি হওয়ার ভয়ে সে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর মরদেহ গোপন করার উদ্দেশ্যে বাড়ির সেপটিক ট্যাংকিতে ফেলে রাখে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা রায়ের তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ এই আইনি প্রক্রিয়ার পর অভিযুক্তের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়রা।