ময়মনসিংহ মেডিকেলে হামে ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু নতুন রোগী ১৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৬ জন শিশু। হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটের ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে শিশু বিভাগে ৯৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত মোট ২ হাজার ৩৭৮ জন শিশু হাম ও হাম-সদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ৫৮ জন শিশুর মৃত্যু হয়েছে এবং ২ হাজার ২২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো শিশুদের মধ্যে হালুয়াঘাট উপজেলার চার মাস বয়সী এক কন্যাশিশু ছিল, যে গত ১৮ জুন হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসকদের ধারণা, সন্দেহজনক হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তার মৃত্যু হয়েছে। একই সময়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চার মাস বয়সী এক পুত্রশিশু শুক্রবার বিকেলে মারা যায়। সে হামের পাশাপাশি গুরুতর নিউমোনিয়া ও হৃদযন্ত্রের অকার্যকারিতায় ভুগছিল।

ফুলপুর উপজেলার পলাশকান্দা এলাকার তিন মাস বয়সী এক শিশুপুত্র শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সন্ধ্যা নাগাদ মারা যায়। শিশুটি সন্দেহজনক হাম, নিউমোনিয়া এবং জন্মগত হৃদরোগে আক্রান্ত ছিল। এছাড়া সুনামগঞ্জ সদর উপজেলার আট মাস বয়সী এক কন্যাশিশুর শুক্রবার রাতে মৃত্যু হয়েছে, যে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চিকিৎসকরা জানান, হামের পাশাপাশি তীব্র অপুষ্টি ও নিউমোনিয়া শিশুটির মৃত্যুর কারণ।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন। সেই সঙ্গে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিশুদের সুরক্ষার বিষয়ে আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

0%
0%
0%
0%