ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় সাংবাদিক রাব্বি হাসান গ্রেপ্তার

দিনাজপুরের উপশহর এলাকায় এক তরুণীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি ছড়ানোর হুমকির অভিযোগে রাব্বি হাসান হৃদয় নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত রাব্বি হাসান হৃদয় কালের কণ্ঠ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে র্যাব সদস্যরা তাকে সিরাজগঞ্জ থেকে আটক করে দিনাজপুরের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর দিনাজপুর পৌরসভার উপশহরের বাসিন্দা রুমি খাতুন বাদী হয়ে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, আসামি নাজমুল হুদা ও রাব্বি হাসান হৃদয় ভুক্তভোগীকে ধর্ষণ করেন এবং ঘটনার ভিডিওচিত্র ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আসছিলেন। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত রাব্বি হাসান হৃদয়কে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার বিকেলে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ নুরনবী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের কাছে হস্তান্তরের পর আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়রাসহ নিহতের পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
