২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন

রাঙ্গামাটিতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন (রবিবার) সারা দেশের সঙ্গে রাঙ্গামাটি জেলার ১০ উপজেলায় একযোগে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় জেলার মোট ১ হাজার ২৯৭টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ সময় অভিভাবকদের উদ্দেশ্যে শিশুস্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক স্বাস্থ্যবার্তাও প্রদান করা হবে। পাশাপাশি সকল অভিভাবককে তাদের শিশুদের নিকটস্থ হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, চোখ ও ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখা এবং স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করতে ভিটামিন-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিশুদের নির্ধারিত সময়ে ভিটামিন-এ ক্যাপসুল গ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সোহাগ ময় চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন (পিপিএম), ডেপুটি সিভিল সার্জন ডা. জাফরিন জাহেদ জিতিসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ৫০ থেকে ৬০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

সম্পর্কিত- সংবাদ সম্মেলন
0%
0%
0%
0%