নাটোরে নাতির জন্ম ও নানার আনন্দ উৎসবের ব্যতিক্রমী আয়োজন

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের জোরমল্লিকা গ্রামে নাতির জন্ম উপলক্ষে ব্যতিক্রমী উৎসবের আয়োজন করেছেন মো. হান্নান নামের এক নানা। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই আনন্দ আয়োজন। নিজের কোনো পুত্র সন্তান না থাকায় দীর্ঘ প্রতীক্ষার পর নাতি আব্দুর রহমান বিন মুসালিনকে পেয়ে দাদু হিসেবে উচ্ছ্বসিত তিনি।
আয়োজনের অংশ হিসেবে নাতিকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বর্ণিল সাজে নিজের গ্রাম থেকে জামাইয়ের গ্রাম শাহবাজপুর পর্যন্ত প্রদক্ষিণ করানো হয়। এসময় ঘোড়ার গাড়ির বহরে নাচ-গানের তালে মেতে ওঠেন স্বজনরা। পুরো যাত্রাপথে এলাকাবাসীর মাঝে ৩ হাজার পিস মিষ্টি বিতরণ করেন তিনি। এমন আনন্দঘন আয়োজনে উপস্থিত গ্রামবাসী ও আত্মীয়-স্বজনরা মুগ্ধতা প্রকাশ করেন।
শিশুর মা মোছাঃ পান্না খাতুন জানান, কন্যা সন্তানের জন্মের ১২ বছর পর তার কোল জুড়ে এসেছে এই পুত্র সন্তান। বাবার এমন আনন্দ উদযাপনে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।
মো. হান্নান বলেন, আল্লাহ তাকে নাতি উপহার দিয়ে তার দীর্ঘদিনের লালিত আশা পূরণ করেছেন। সেই পরম প্রাপ্তির আনন্দ স্বজন ও গ্রামবাসীদের সঙ্গে ভাগ করে নিতেই তিনি এমন উদ্যোগ নিয়েছেন। ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নিতে পেরে গ্রামবাসীও ব্যাপক আনন্দ প্রকাশ করেছেন।