সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল এলাকায় স্কুলছাত্রী মারিয়া মাহি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সাহরাইল উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে নিহতের সহপাঠী, শিক্ষক, অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন

দশম শ্রেণির ছাত্র আলিফের সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগ তুলে গত ১৫ জুন স্কুল কর্তৃপক্ষ মারিয়া মাহি ও ওই ছাত্রকে বাধ্যতামূলক ছাড়পত্র বা টিসি প্রদান করে। এরপর থেকে মারিয়া নিখোঁজ ছিল এবং পরিবারের অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের প্রায় দুই সপ্তাহ পর গত রোববার বিকেলে চন্দননগর কবরস্থানের পাশে বাঁশঝাড় থেকে স্কুলছাত্রী মারিয়ার অর্ধগলিত ও খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত লাশের ওপরের অংশ ওড়না দিয়ে গাছে ঝোলানো ছিল এবং কোমরের নিচের অংশ মাটিতে পড়ে ছিল।

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা কামরুন্নাহার বাদী হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫ থেকে ৬ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে পুলিশ এই মামলার এজাহারভুক্ত ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে। তবে প্রধান অভিযুক্তসহ বাকিরা এখনো পলাতক থাকায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা শেখ সোবহান, আমিনুর মৃধা, আবুবকর, ওসমান গনি, মাহমুদুল হাসান গোলাপ ও দেলোয়ার হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বিদ্যালয়ের আঙিনায় এমন জঘন্য হত্যাকাণ্ড পুরো সমাজকে স্তম্ভিত করেছে। এ ঘটনায় স্থানীয়রা ও নিহতের পরিবার পলাতক আসামিদের অবিলম্বে গ্রেপ্তার এবং দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%