কক্সবাজারে ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন লক্ষ্যমাত্রা প্রায় পাঁচ লাখ শিশু

আগামী ২৮ জুন কক্সবাজার জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. টিটু চন্দ্র শীল এই তথ্য নিশ্চিত করেছেন। দিনব্যাপী এই কার্যক্রমে জেলার আটটি উপজেলা, একটি পৌরসভা, ৭২টি ইউনিয়ন এবং ২১৬টি ওয়ার্ডে টিকাদান কর্মসূচি বাস্তবায়িত হবে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এবার জেলায় মোট ৪ লাখ ৯৩ হাজার ৩১৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৬১ হাজার ৮৩৫ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৩১ হাজার ৪৮০ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

এই বিশাল কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলায় ১ হাজার ৮২৪টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। কার্যক্রমটি সফল করতে ৪৮৬ জন স্বাস্থ্যকর্মী এবং ৩ হাজার ১৬০ জন স্বেচ্ছাসেবক সরাসরি মাঠে কাজ করবেন।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. টিটু চন্দ্র শীল বলেন, শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল দৃষ্টিশক্তিই রক্ষা করে না, বরং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ডায়রিয়া, হামসহ বিভিন্ন সংক্রমণজনিত রোগের ঝুঁকি অনেকাংশে হ্রাস করে। অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত দিনে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%