মাদকের সিন্ডিকেট ও রাষ্ট্র পরিচালনা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করলেন ছাত্রশিবির সভাপতি

সাতক্ষীরা সরকারি কলেজে সোমবার আয়োজিত অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, দেশের মাদক ব্যবসার নিয়ন্ত্রণ সরকারের অসাধু সিন্ডিকেটের হাতে। তিনি অভিযোগ করেন, সমাজকে অস্থিতিশীল করে তোলা এই সিন্ডিকেট লক্ষ লক্ষ কোটি টাকার অবৈধ বাণিজ্য পরিচালনা করছে এবং মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে কণ্ঠরোধ করার অপচেষ্টা চালানো হয়। সিলেটের জেলা প্রশাসকের উদাহরণ টেনে তিনি দাবি করেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার মাত্র একদিনের মাথায় তাকে সরিয়ে দেওয়া হয়েছে, যা সরকারের দুরভিসন্ধির বহিঃপ্রকাশ।
বাজেট প্রসঙ্গ টেনে ছাত্রশিবির সভাপতি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেট সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। জামায়াত অখুশি হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ভিত্তিহীন ও ভুয়া ফটোকার্ডের ওপর নির্ভরশীল বলে অভিহিত করেন তিনি। তিনি আরও বলেন, একটি দেশের রাষ্ট্রপ্রধানের আইন ও বাজেট সংক্রান্ত নিয়ম সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন, অথচ তিনি বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জাতিকে বিপথে চালিত করছেন।
সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জিয়াউর রহমান ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ সংগঠনের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জেলা ও শহর জামায়াতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ এবং ছাত্রশিবিরের জেলা পর্যায়ের দায়িত্বশীলরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।