আড়াইহাজারে সশস্ত্র ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬ লুটে নেওয়া হলো নগদ অর্থ ও স্বর্ণালংকার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সশস্ত্র ডাকাত দলের অতর্কিত হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খানসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। একই রাতে পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকায় অপর একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনাও ঘটেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ছুটির দিনে বাড়িতে অবস্থান করা সহকারী কমিশনার সাকিব হাছান খান রাতে বিদ্যুৎ না থাকায় কয়েকজন বন্ধুর সঙ্গে ধন্দী গ্রামের রাস্তায় বসে ছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে সাকিব হাছান খান ছাড়াও মুকুল, রাজিব, রুবেল, ফারুক এবং মুকুলের স্ত্রী ডালিয়া গুরুতর জখম হন। ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আহতদের প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এর প্রায় এক ঘণ্টা পর একই ডাকাত দল পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকায় সুমন নামের এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারগুলো আতঙ্কিত হয়ে পড়েছেন এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%