কুমিল্লায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা ১৩ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় জামাল হোসেন (৪৮) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় কিশোর গ্যাং লিডার আকিবুর রহমান আকিবসহ ১৩ জনের নাম উল্লেখ করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্ত্রী তাছলিমা আক্তার। বর্তমানে গুরুতর আহত ওই ব্যবসায়ী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে নগরীর উত্তর রেইসকোর্স এলাকার ধানমন্ডি ৬ নম্বর এলাকায় আট দশমিক ৭৫ শতক জমি ক্রয় করেন জামাল হোসেন। জমির প্রবেশপথে অভিযুক্তরা জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করলে বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে অভিযুক্তরা জমির মালিকানার কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়ে জামালের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয়।

ঘটনার দিন গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ফজরের নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হন জামাল হোসেন। পথে রেইসকোর্স এলাকার এস কে স্পোর্টসের সামনে থেকে অভিযুক্তরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে একটি খালি স্থানে আটকে রাখে। সেখানে আকিবুর রহমান আকিবের নেতৃত্বে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপানো হয় এবং পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান ব্যবসায়ী জামাল।

হামলায় অভিযুক্তদের মধ্যে আকিব ছাড়াও রঞ্জু, মো. জানে আলম জনি, রুবেল, জুহেব, সানি, সুমন ওরফে পিচ্চি সুমন, অপু, সুমন, মো. বাসেল, মো. এনামুল হক দীপু ওরফে ডাইল দীপু, মো. রাকিব ও রেনু মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও দখলবাজির মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে আসছে।

বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে আকিবুর রহমান আকিব মুঠোফোনে দাবি করেন, তিনি কোনো ঘটনার সঙ্গে জড়িত নন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। স্থানীয় পর্যায়ে আকিবের বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও রাজনৈতিক দলগুলো তার দায় নিতে নারাজ। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

0%
0%
0%
0%