AdvertisementAdvertisement

পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশইনের অপচেষ্টা ব্যর্থ করল বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালিরহাট সীমান্ত দিয়ে ভারতের তিন নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৮৫৭ নম্বর মেইন পিলারের ১৩ নম্বর সাব পিলারের নিকটবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার মিলরাপা গ্রাম সীমান্তের দায়িত্বে থাকা ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা ওই তিন ভারতীয় নাগরিককে কাঁটাতারের বেড়ার কাছে নিয়ে আসে। রাতের অন্ধকারে কৌশলে তাদের বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা চালানো হলে বিজিবি-৬১ তিস্তা ব্যাটালিয়নের কালিরহাট বিওপি ক্যাম্পের টহলদল তাদের উপস্থিতি টের পায়।

Advertisement
বিজ্ঞাপন

বিজিবি সদস্যদের সতর্ক অবস্থান ও সক্রিয় পাহারার মুখে পুশইনের প্রচেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে বিএসএফ সদস্যরা ওই তিন নাগরিককে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।

বর্তমানে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিজিবি ও স্থানীয় জনগণের সহায়তায় ওই এলাকায় সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%