দেশজুড়ে সুবিধাভোগী পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু

বরগুনার বেতাগীতে স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যয়ে স্থানীয় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। এছাড়াও বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান এবং জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাসহ স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই স্লোগানকে সামনে রেখে তৃতীয় পর্যায়ের পাইলটিং প্রকল্পের আওতায় ৪৭৭ জন সুবিধাবঞ্চিত নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে ভজনপুর দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির। কার্ড প্রদানের পাশাপাশি উপকারভোগীদের মাঝে গাছের চারাও বিতরণ করা হয়।
ময়মনসিংহের ত্রিশালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ৬৫৯ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। কাঁঠাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর লিটন। জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ির রামগড়ে সুবিধাভোগী ৪৫৬টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়েছে। গত বুধবার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইয়া। জেলা প্রশাসক আনোয়ার সাদতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপকারভোগী আনু মারমা। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন।
টাঙ্গাইলের গোপালপুরে বিত্তহীন ৬৩৩ জন নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সূতী ভি এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দেশব্যাপী এই ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।