যশোরে কুপিয়ে ও পিটিয়ে যুবককে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

যশোরের অভয়নগর উপজেলায় প্রতিপক্ষের হামলায় রিয়াজ হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।
নিহত রিয়াজ হোসেন ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রিয়াজ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ছয়টি মামলা রয়েছে।
ঘটনার রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মোহাম্মদ সবুজ জানান, নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান চলমান রয়েছে।
বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তারেক রহমান কর্তৃক ঘোষিত আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার নির্দেশনার অংশ হিসেবেই অপরাধীদের আইনের আওতায় আনতে জোর তৎপরতা চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
