রাঙামাটিতে উদ্ধার হওয়া অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

রাঙামাটি সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের বাসভবন এলাকা থেকে উদ্ধার করা সাত ফুট দীর্ঘ একটি অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। রোববার দুপুর ১টার দিকে ব্যাঙছড়ি বিট এলাকায় বন বিভাগের বিশেষ প্রহরা ও রক্ষণাবেক্ষণ দলের উপস্থিতিতে সাপটি প্রকৃতির মাঝে ফিরিয়ে দেওয়া হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, সাত কেজি ওজনের সাপটিকে শনিবার রাতে হর্টিকালচার এলাকা থেকে উদ্ধার করেন বনকর্মীরা। রাঙামাটি দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদের তত্ত্বাবধানে সাপটিকে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে কাপ্তাই জাতীয় উদ্যানে স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে সাপটি অবমুক্ত করা হয়। এসময় বন কর্মকর্তা শফিকুল ইসলাম, ব্যাঙছড়ি বিট কর্মকর্তা জাহাঙ্গীর আলম মজুমদার, নুরুল মোস্তফা ও আরিফ হাসানসহ বন বিভাগের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ ধরনের উদ্যোগ বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রধানমন্ত্রীর তারেক রহমানের দিকনির্দেশনার অংশ হিসেবে নিয়মিত পালন করে আসছে বন বিভাগ।