AdvertisementAdvertisement

কুমিল্লায় জুমার নামাজ শেষে মুসল্লিদের মাঝে বৃক্ষচারা বিতরণ করল আস-সালাম ফাউন্ডেশন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে আস-সালাম ফাউন্ডেশন। সংগঠনটির মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির দ্বিতীয় ধাপ হিসেবে শুক্রবার পৌর এলাকার রামরায়গ্রাম কাজী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজে অংশগ্রহণকারী ১০০ মুসল্লির হাতে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়েছে।

মসজিদে আগত মুসল্লিদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে অভিনব এই পদ্ধতি গ্রহণ করে আয়োজকরা। নামাজের পূর্বে মুসল্লিরা লটারির টোকেন সংগ্রহ করেন এবং নামাজ শেষে সেই টোকেনের বিনিময়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা গ্রহণ করেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, যে সকল বৃক্ষপ্রেমী নিয়মিত গাছের যথাযথ পরিচর্যা করবেন, তাদের পরবর্তীতে বিশেষ পুরস্কারে ভূষিত করা হবে।

Advertisement
বিজ্ঞাপন

ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদ সদস্য কাজী এমরানের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক পরিষদের সভাপতি কাজী নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপদেষ্টা আরমান হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে কাজী সাকির, ডা. রবিন, অয়ন ভুঁইয়া, ইমরান খান, কাজী সাকিব ও কাজী জিসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় মুসল্লি কাজী আবদুর রাজ্জাক এই মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করে জানান, পরিবেশ ও জনকল্যাণে ফাউন্ডেশনের এমন ধারাবাহিক কার্যক্রম এলাকায় ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। তিনি বিশ্বাস করেন, তারেক রহমান কর্তৃক নির্দেশিত মানবিক ও সামাজিক উন্নয়ন ধারার অংশ হিসেবে এ ধরণের কার্যক্রম দেশের সামগ্রিক পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Advertisement
বিজ্ঞাপন

ফাউন্ডেশনের সভাপতি মিরাজ মজুমদার মুঠোফোনে জানান, কুমিল্লার ইনসাফ স্পেশালাইজড হাসপাতালের অর্থায়নে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তিনি আরও জানান, পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাসব্যাপী এই কর্মসূচির আওতায় চৌদ্দগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং জনসমাগমস্থলে পর্যায়ক্রমে আরও হাজারো গাছের চারা বিতরণ অব্যাহত থাকবে।

0%
0%
0%
0%