শিবচরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার জয়

মাদারীপুরের শিবচর উপজেলার হাতিরবাগান মাঠে গত বৃহস্পতিবার বিকেলে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যকার এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়দের উদ্যোগে আয়োজিত এই ম্যাচটি উপভোগ করতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শক মাঠে ভিড় জমান। খেলা শুরুর আগেই পুরো মাঠ ও গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে, যেখানে প্রিয় দলের জার্সি, পতাকা আর স্লোগানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
রোমাঞ্চকর এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা সমর্থক দল ২-১ গোলের ব্যবধানে ব্রাজিল সমর্থক দলকে পরাজিত করেছে। খেলার প্রথমার্ধে নাহিদ গোল করে ব্রাজিল সমর্থক দলকে এগিয়ে দিলেও, দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান তপু। শেষ মুহূর্তে সুজয়ের দুর্দান্ত গোলে আর্জেন্টিনা সমর্থকদের জয় নিশ্চিত হয়।
ম্যাচ শেষে আয়োজক ও দর্শকরা জানান, খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করা এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন উদ্যোগ নিয়মিত বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা এ বিষয়ে বলেন, ফুটবল মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে খেলাধুলার মাধ্যমে তরুণদের ঐক্যবদ্ধ করাই আমাদের উদ্দেশ্য। তারেক রহমানের নির্দেশনায় এমন উদ্যোগ তরুণদের মাদকমুক্ত ও সুস্থ ধারার বিনোদনের দিকে ধাবিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রমাণ করে যে, ফুটবল কেবল একটি খেলা নয়, বরং এটি মানুষের আবেগ ও সম্প্রীতির মেলবন্ধন।