পাইকগাছায় যুবক হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হুদা র্যাব হেফাজতে

খুলনার পাইকগাছা উপজেলায় মব সৃষ্টি করে হাসান সরদার নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. নাজমুল হুদা মিন্টুকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খানজাহান আলী রোডের একটি মোটরসাইকেলের শোরুমে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিন্টু পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং স্থানীয় গরুর হাটের ইজারাদার হিসেবে পরিচিত।
গত ৭ জুন সন্ধ্যায় পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের গরুর হাট এলাকায় হাসান সরদার নামের ওই যুবককে কয়েক ঘণ্টা ধরে দফায় দফায় মারপিট করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দোকানের পাশে প্রস্রাব করার প্রতিবাদ জানালে স্থানীয় কুদ্দুস গাজীর ডাকে সাড়া দিয়ে মিন্টু ও তার অনুসারীরা ঘটনাস্থলে পৌঁছে হাসানের ওপর চড়াও হয়। মারধরের এক পর্যায়ে হাসান অচেতন হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, তবে কর্তব্যরত চিকিৎসক জানান পথিমধ্যেই তার মৃত্যু হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নিহত হাসান সরদার এলাকায় মাদক সেবন ও কেনাবেচা, চুরি, ছিনতাই এবং নারী উত্যক্ত করাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই মূলত এলাকাবাসী একত্রিত হয়ে এই মব হামলার ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাসানের মৃত্যুর পর সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং নিজ গ্রামে তাকে দাফন করা হয়েছে।
নিহতের পিতা আব্দুল মালেক সরদার বাদী হয়ে পাইকগাছা থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি হিসেবে মিন্টু এতদিন পলাতক ছিলেন। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থান গ্রহণ করেছে, যার ধারাবাহিকতায় এই গ্রেপ্তার সম্পন্ন হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।