হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু

হবিগঞ্জের বাহুবল উপজেলার ৭ নম্বর ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর (তকিয়া) গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ির পুকুরে সেচ পাম্প চালানোর সময় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন দুবাই প্রবাসী আইনুদ্দীন (৫০) ও তার ১৮ বছর বয়সী ছেলে রাশেদ মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় আইনুদ্দীন তার ছেলেকে নিয়ে পুকুর থেকে পানি সেচের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তারা প্রাণ হারিয়েছেন। জরুরি বিভাগ থেকে পুলিশকে খবর দেওয়া হলে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো হেফাজতে নেয়। বর্তমানে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মো. ইকতার মিয়া।
পারিবারিক সূত্রে জানা গেছে, আইনুদ্দীন দীর্ঘ দিন ধরে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি ছুটিতে দেশে ফিরেছিলেন এবং পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে আগামীকাল শনিবার পুনরায় তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। পিতা-পুত্রের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
