নেত্রকোনার মদনে পুলিশের ওপর হামলা, ছাত্রদল নেতা আটক

নেত্রকোনার মদন পৌর শহরের সরকারি কলেজ মোড় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুই কনস্টেবল আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সংঘটিত এই ঘটনায় সৈয়দ মিঠু (২৩) নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মদন থানার কনস্টেবল ফরিদুল ইসলাম ও আতাউর রহমান দায়িত্ব পালনকালে এই হামলার শিকার হন। স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী যাত্রীদের বাসে হয়রানির অভিযোগ পেয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম পুলিশ সদস্যদের নিয়ে সরকারি কলেজ মোড়ে উপস্থিত হন। সেখানে যাত্রীদের অভিযোগ শোনার সময় মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশের ভাষ্যমতে, দায়িত্ব পালনকালে বিশৃঙ্খলা এড়াতে মিঠুকে কিছুটা দূরে সরে যাওয়ার অনুরোধ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে দুই পুলিশ সদস্য আহত হন। তাৎক্ষণিকভাবে পুলিশ মিঠুকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পরপরই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম জানান, যাত্রীদের ভোগান্তি নিরসনে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে দ্রুত যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারি দায়িত্ব পালনের সময় পুলিশের ওপর হামলার বিষয়টি আইন অনুযায়ী দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল জানান, মিঠুর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার জানিয়েছেন, অভিযোগের সত্যতা মিললে দলের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। বর্তমানে পুলিশি প্রহরায় আটককৃত মিঠুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

0%
0%
0%
0%