কুমিল্লায় ভূমিসংক্রান্ত জটিলতার সমাধানে মহাসড়ক অবরোধ করে ১৩ গ্রামের বাসিন্দাদের বিক্ষোভ

কুমিল্লার বিমানবন্দর সংলগ্ন ১৩টি গ্রামের ভূমিসংক্রান্ত দীর্ঘস্থায়ী জটিলতার নিরসন ও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোড এলাকায় তীব্র বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে কয়েক হাজার এলাকাবাসী মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। স্থানীয়দের দাবি, দীর্ঘ সময় ধরে তাদের পৈত্রিক সম্পত্তি জবরদখল করে রাখা হয়েছে এবং চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে অমানবিক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।
ভুক্তভোগী মীর হোসেন অভিযোগ করে বলেন, পূর্বপুরুষদের মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করার পাশাপাশি স্থানীয়দের যাতায়াতের পথও রুদ্ধ করে দেওয়া হয়েছে। ব্রিটিশ আমল থেকে জমি নিজেদের দখলে থাকা সত্ত্বেও অযৌক্তিকভাবে অন্য কর্তৃপক্ষের নামে কর আরোপের যে ধারা তৈরি করা হয়েছে, তার অবসান চান ভূক্তভোগীরা। মাহবুর মজুমদার নামক অপর এক স্থানীয় বাসিন্দা স্পষ্টভাবে জানান, তারা কোনো ধরনের টালবাহানা নয়, বরং এই ভূমিসমস্যার একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান প্রত্যাশা করছেন।
‘নিজ ঘরে পরবাসী’ নামক সামাজিক সংগঠনের সভাপতি আশিক চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, নিজেদের ভূমিতেই তারা আজ পরাধীনতার গ্লানি নিয়ে বসবাস করছেন। দ্রুত এই সংকট নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি। চলমান এই অস্থিরতা নিরসনে তারেক রহমানের দিকনির্দেশনা ও স্থানীয় প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন স্থানীয়রা।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল ইসলাম জানান, সকাল থেকে আন্দোলনকারীরা মানববন্ধন ও সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মানববন্ধনে জেলা বিএনপির নেতা এস এ বারী সেলিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী এবং সংগঠনের নেতৃবৃন্দসহ ১৩ গ্রামের বিপুলসংখ্যক সাধারণ মানুষ সংহতি প্রকাশ করেন।