দেশে অস্থিতিশীলতা রুখতে জনগণের সতর্ক থাকা জরুরি মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা রুখে দিতে সর্বস্তরের জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দেশকে অশান্ত করার পাঁয়তারা করছে, যাদের ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। এ সময় তিনি নিজ নিজ এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করে চলেছে। নির্বাচনের আগে ঘোষিত অঙ্গীকারের অংশ হিসেবে এরই মধ্যে নতুন উপজেলা উদ্বোধন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ, নতুন মেডিকেল কলেজের অনুমোদন প্রদান এবং অচল বিমানবন্দর চালুর মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি ও খাল খননসহ জনকল্যাণমূলক উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর।

তরুণ প্রজন্মের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বর্তমান সময়কে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। মাদকাসক্তির করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত রাখতে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচনকে তিনি দেশের জন্য একটি বড় অর্জন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অভূতপূর্ব স্বীকৃতি হিসেবে অভিহিত করেন।

এর আগে রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%