নড়িয়া-সখিপুরের ২১৬ যুবককে বিনা খরচে বিদেশে পাঠানোর ঘোষণা এমপি কিরণের

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ নড়িয়া ও সখিপুর এলাকার ২১৬ জন যুবককে কারিগরি ও ভাষাগত প্রশিক্ষণের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন। রবিবার সকাল ১১টায় নড়িয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৩৮০ জন উপকারভোগীর মাঝে ৯ লাখ টাকা অনুদান হিসেবে বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ জানান, নড়িয়া উপজেলার ১৩৫ জন এবং সখিপুর থানার ৮১ জন বেকার যুবককে তিন মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হবে। প্রশিক্ষণকালে তাদের কারিগরি দক্ষতা উন্নয়ন, প্রয়োজনীয় বিদেশি ভাষা শিক্ষা এবং বিদেশের কর্মপরিবেশ সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে যোগ্যতার ভিত্তিতে পর্যায়ক্রমে তাদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং এ সংক্রান্ত যাবতীয় ব্যয় রাষ্ট্র বহন করবে।
কিরণ আরও বলেন, অনেক মেধাবী ও পরিশ্রমী তরুণ কেবল আর্থিক সীমাবদ্ধতার কারণে আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বেকারত্ব বিমোচন ও তাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে নতুন কর্মসংস্থানের দ্বার উন্মোচন করাই এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য। স্থানীয় তরুণদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ, নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া এবং শরীয়তপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আমিন রবিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকায় বেকারত্ব অনেকাংশে হ্রাস পাবে এবং অসংখ্য পরিবার অর্থনৈতিক সচ্ছলতার মুখ দেখবে।