গফরগাঁওয়ে মাইকিংয়ে বাধা দেওয়ায় ইমামের ওপর হামলা, এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও বিক্ষোভ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের বখুরা হরদারবাড়ি এলাকায় এশার নামাজের সময় উচ্চশব্দে গানবাজনা ও মাইকিংয়ে বাধা দেওয়ায় এক ইমামের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। পুখুরিয়া মাদরাসার নূরানী বিভাগের ওই শিক্ষককে বর্বরোচিতভাবে পিটিয়ে আহত করেছে স্থানীয় কিছু বখাটে যুবক। ভুক্তভোগী ওই শিক্ষক এলাকায় অত্যন্ত সজ্জন ও ধার্মিক ব্যক্তি হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন

ঘটনার সূত্রপাত গত ২৯ মে সন্ধ্যায়, যখন ইশার নামাজের জামাত চলাকালে এলাকার একদল যুবক উচ্চশব্দে মাইকিং ও গানবাজনা করছিল। অত্যন্ত বিনয়ের সাথে ওই শিক্ষক তাদের শব্দদূষণ নিয়ন্ত্রণে অনুরোধ জানালে ক্ষিপ্ত হয়ে যুবকরা তার ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গুরুতর জখম করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদানের পর উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। এ ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

স্থানীয় মুসল্লিদের ভাষ্যমতে, এটি কেবল একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং ধর্মীয় মূল্যবোধ, সামাজিক শিষ্টাচার এবং মানবতার পরিপন্থী। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এই নৃশংস হামলার প্রতিবাদে গত ৩০ মে সকালে গফরগাঁও পৌরশহরের জামতলা মোড়ে নাগরিক ব্যানারে এক বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

গফরগাঁও থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারের জন্য জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

0%
0%
0%
0%