গোদাগাড়ীর রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঐতিহ্যবাহী রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’ শুক্রবার সকালে বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আয়োজিত এই ক্রীড়া উৎসবের মাধ্যমে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে এক নান্দনিক মেলবন্ধন তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের ২০১০ ব্যাচের শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাফুজুল আলম তোতা এবং রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাঃ বদরুন্নেসা বিউটি।

অনুষ্ঠানে বক্তারা বর্তমান যুবসমাজের অবক্ষয় রোধে মাদকের ভয়াবহতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, মাদকের করাল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে এবং ঈদের আনন্দকে ক্রীড়ামোদীদের মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই টুর্নামেন্ট বিদ্যালয়টির শিক্ষার মান উন্নয়নসহ সামগ্রিক উন্নয়নে একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

আয়োজক কমিটির তথ্য অনুযায়ী, নক-আউট পদ্ধতির এই টুর্নামেন্টে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ১৬টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছেন ২০০৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোঃ বিপ্লব হোসেন। আগামী ৩০ মে, শনিবার বিকেলে চূড়ান্ত পর্বের ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের পর্দা নামবে।

বিজ্ঞাপন

সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান বলেন, শিক্ষার্থীদের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই আয়োজনে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সুস্থ ধারার এই ক্রীড়া প্রতিযোগিতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

0%
0%
0%
0%