ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পোলতাডাঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন হোসেন নামের আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে গ্রামটিতে অবস্থিত তোফি বিশ্বাসের পুকুরে এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটে। নিহত ইয়ামিন উপজেলার শ্রীরামপুর গ্রামের ইকরামুল হোসেনের সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ইয়ামিন তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। মঙ্গলবার দুপুরের পর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও আশপাশের এলাকায় দীর্ঘ সময় ধরে তাকে খোঁজাখুঁজি করেন।

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটির নিথর দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। দ্রুত তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও এলাকাবাসী এ মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

০%
০%
০%
০%