কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে মোহাম্মদ সায়েম নামের ২২ বছর বয়সী এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে সাগরে গোসল করতে নামলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিখোঁজ সায়েম চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার ইকবাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সায়েম তার বন্ধু আরমানকে নিয়ে ইনানী সৈকতে বেড়াতে আসেন। তারা দুজনে সাগরে গোসল করতে নামলে উত্তাল ঢেউয়ের কবলে পড়েন। একপর্যায়ে সায়েম স্রোতের টানে তলিয়ে যেতে শুরু করলে তার বন্ধু আরমান তাকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। পরবর্তীতে আরমানের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে নৌকা ও নিজস্ব সরঞ্জাম নিয়ে উদ্ধারকাজ শুরু করেন।
ঘটনার খবর পেয়ে ইনানী বিচকর্মী, স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্য এবং উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, নিখোঁজ যুবককে উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত সায়েমের কোনো সন্ধান পাওয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় স্থানীয়রা এবং নিখোঁজ যুবকের পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্ধার তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তারা এ ধরনের ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।