শহীদ আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়নে রাষ্ট্র সংস্কার জরুরি: নাহিদ ইসলাম

রংপুরের পীরগঞ্জ উপজেলায় জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার দুপুরে শহীদ আবু সাঈদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সামনে জুলাই বিপ্লবের চেতনা ও রাষ্ট্র সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরেন।

নাহিদ ইসলাম বলেন, আবু সাঈদ আমাদের সংগ্রামের অগ্রদূত এবং শহীদদের ইমাম। ১৬ জুলাই রংপুরের মাটিতে তিনি বুক পেতে বুলেট গ্রহণ করে যে আত্মত্যাগ করেছিলেন, তা-ই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল। শহীদের এই আত্মত্যাগ ও স্বপ্নকে বাস্তবায়ন করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সময়ের প্রধান লক্ষ্য।

জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচন—এই তিনটি মূল দাবি ছিল। নির্বাচন অনুষ্ঠিত হলেও মানুষ এখনো কাঙ্ক্ষিত বিচার ও সংস্কার পায়নি। বিশেষ করে আবু সাঈদ হত্যা মামলার রায় এখনো কার্যকর না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং প্রধান আসামিসহ জড়িতদের দেশে ফিরিয়ে এনে দ্রুত দণ্ড কার্যকর করার দাবি জানান।

রাষ্ট্র সংস্কারের ওপর জোর দিয়ে নাহিদ ইসলাম বলেন, জনগণের চাওয়া অনুযায়ী রাষ্ট্র সংস্কার করতে হবে, কারণ গণভোটে ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সরকার জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও কার্যত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। সংস্কার সম্পন্ন হলে তবেই বাংলাদেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব হবে।

কবর জিয়ারত শেষে নাহিদ ইসলাম শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। সরকারের পক্ষ থেকে সংস্কারের উদ্যোগ নেওয়া হলে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠায় সব পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সংসদ সদস্য ড. আতিক মুজাহিদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

০%
০%
০%
০%