হাটহাজারীর বন্যাদুর্গত মানুষের পাশে খেলাফতে মজলিস, সহায়তার প্রতিশ্রুতি মামুনুল হকের

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় টানা বর্ষণ ও বন্যায় বিপর্যস্ত মানুষের মাঝে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ খেলাফতে মজলিস। বৃহস্পতিবার বিকেলে হাটহাজারী জেলা পরিষদ অডিটোরিয়াম হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আমির আল্লামা মামুনুল হক। তিনি ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বলেন, এই সংকটময় মুহূর্তে আপনারা একা নন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোকে পবিত্র দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়। আল্লামা মামুনুল হক আল্লাহর ওপর ভরসা রেখে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংকট মোকাবিলার আহ্বান জানিয়ে বলেন, আল্লাহ তাআলা যেন দ্রুত বান্দার কষ্ট লাঘব করে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করা হয়।

হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন খেলাফতে মজলিস চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি ওজায়ের হামিদী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা শায়খুল হাদীস আলী ওসমান, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, মাওলানা জাফরউল্লাহ নিজামী, মাওলানা হাবিবুল্লাহ আজাদী ও মাওলানা রেদওয়ানুল ওয়াহিদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মসূচির অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার মানুষের হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। দুর্যোগকবলিত এলাকার মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সংগঠনের এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

০%
০%
০%
০%