মিরসরাইয়ে চোরাচালান চক্রের মূলহোতা কামাল গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় ভারতীয় অবৈধ পণ্য চোরাচালানের অন্যতম মূলহোতা কামাল উদ্দিন ওরফে কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামাল উদ্দিন ওই ইউনিয়নের আমলীঘাট এলাকার আমান উল্লাহর সন্তান।

দীর্ঘদিন ধরে করেরহাট ইউনিয়নের অলিনগর ও আশপাশের পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে ভারতীয় বিভিন্ন পণ্যের চোরাচালান ও অবৈধ বেচাকেনা নিয়ন্ত্রণ করে আসছিলেন কামাল। স্থানীয়দের অভিযোগ, সীমান্ত পেরিয়ে আনা ভারতীয় পণ্য তিনি দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। কামাল বাংলাদেশি নাগরিক হওয়া সত্ত্বেও নিয়মিত ভারতীয় মোবাইল সিম ব্যবহার করতেন এবং যোগাযোগের জন্য তার ভারতীয় নম্বরে হোয়াটসঅ্যাপ কল করতে হতো। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ২৭ ও ২৯ নম্বর মামলাসহ একাধিক মামলা চলমান রয়েছে।

মিরসরাই উপজেলার পূর্ব সীমান্তে ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে প্রায় ১৬ থেকে ১৮ কিলোমিটার পাহাড়ি এলাকা রয়েছে। করেরহাট ইউনিয়ন ও আশপাশের দুর্গম পাহাড়ি সীমান্ত দিয়ে চোরাকারবারিরা নিয়মিত চিনি, ফেনসিডিল, কাপড়, থ্রি-পিস, গরু ও বিভিন্ন খাদ্যসামগ্রী দেশে নিয়ে আসছে বলে স্থানীয়দের অভিযোগ। এই অসাধু চক্রে কামালের পাশাপাশি ইমন, জানু মিয়া, সেলিম উদ্দিন ও ফারুকসহ আরও কয়েকজন সক্রিয় রয়েছে বলে জানা গেছে।

জোরারগঞ্জ থানা পুলিশ সম্প্রতি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে। এর অংশ হিসেবে গত ২৪ জুন সাড়ে ৪ লাখ টাকা মূল্যের পণ্য, ২৮ জুন ১৮০ পিস শাড়ি এবং ৩০ জুন ১৯টি ভারতীয় গরু জব্দ করা হয়। উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় কামালকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তদন্তে জানা গেছে, কামাল ভারতে বিয়ে করেছেন এবং তিনি দীর্ঘ সময় ধরে চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। তার সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

০%
০%
০%
০%