রায়পুরায় গোসল করতে নেমে চার শিশুর সলিল সমাধি

নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁন্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামে একসঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় একটি খালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও জান্নাত (৮) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসার বিরতির সময় ছয় ছাত্রী মিলে বাড়ির পাশের খালে গোসল করতে নামে। সাঁতার না জানা এবং খালের গভীরতা সম্পর্কে ধারণা না থাকায় মুহূর্তের মধ্যেই চারজন গভীর পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অপর দুই শিশু তীরে উঠে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় চার শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে পথিমধ্যে এবং হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুগুলোর প্রাণস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল।

একসঙ্গে চার শিশুর এমন অকাল মৃত্যুতে বড়কান্দা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা শোকে বিহ্বল হয়ে পড়েছেন।

০%
০%
০%
০%