গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নে প্রধানমন্ত্রী ঘোষিত কৃষক কার্ড কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী উপজেলার হাউলি কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় কৃষক ও কর্মকর্তাদের মধ্যে প্রাণবন্ত আলোচনা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই সভার মূল লক্ষ্য ছিল কৃষক কার্ড কর্মসূচির সুষ্ঠু ব্যবস্থাপনা, প্রকৃত উপকারভোগী কৃষকদের নির্ভুল যাচাই-বাছাই এবং মাঠপর্যায়ে এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদাৎ হোসেন এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট।

সভায় বক্তারা একমত পোষণ করে বলেন যে, কৃষক কার্ড কর্মসূচি বর্তমান সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ, যা প্রান্তিক কৃষকদের ভাগ্যোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম যেন না ঘটে এবং প্রকৃত কৃষকরাই যাতে সরকারি সহায়তার আওতায় আসেন, তা নিশ্চিত করতে স্বচ্ছতার সঙ্গে তালিকা প্রস্তুতের ওপর জোর দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার বলেন, এই কর্মসূচির শতভাগ সফলতা নিশ্চিত করতে কৃষি কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকদের সম্মিলিত ও আন্তরিক সহযোগিতা অপরিহার্য। প্রকৃত কৃষকরা যাতে কোনো ভোগান্তি ছাড়াই এই কার্ডের সুবিধা গ্রহণ করতে পারেন, সেই লক্ষ্য নিয়েই মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

০%
০%
০%
০%