Advertisement

লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, অফিস ভাঙচুর

কুমিল্লার লালমাই উপজেলা সদরের বাগমারা রেলগেট এলাকায় মঙ্গলবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। উত্তপ্ত পরিস্থিতিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দীর্ঘদিন ধরে কুমিল্লা-১০ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া এবং কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর অনুসারীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও দূরত্ব বিদ্যমান ছিল। এর জের ধরে উভয় পক্ষ দীর্ঘদিন ধরেই দলীয় কর্মসূচিগুলো পৃথকভাবে পালন করে আসছে। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করলে এই বিরোধ চূড়ান্ত রূপ নেয়।

বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্যমতে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে বাগমারা রেলগেট এলাকায় উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শাহজাহানসহ বেশ কয়েকজনকে বাধা দেওয়া হয় এবং তাদের ওপর হামলা চালানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে এমপি সমর্থিত নেতাকর্মীরা বাজার এলাকা থেকে পিছু হটলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

সংঘর্ষের রেশ ধরে পরে স্থানীয় ওলামা দলের সাবেক সদস্যসচিব মাওলানা জাকির হোসেনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনায় আহতদের মধ্যে উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শাহজাহান, কর্মী মনির হোসেন, শ্রমিক দল নেতা মো. আলী, যুবদল কর্মী মোশারফ ও মোহাম্মদ আলীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন রয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউছুফ আলী মীর পিন্টু অভিযোগ করেন, মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিতরা শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে তা বানচালের চেষ্টা করেছে। অন্যদিকে, এ বিষয়ে মাওলানা জাকির হোসেনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্টরা দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%