Advertisement

দেশকে গর্ত থেকে টেনে তুলতে তারেক রহমানের নেতৃত্বই সক্ষম আমীর খসরু

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বর্তমান অর্থনৈতিক সংকট ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পূর্ববর্তী সরকারগুলোর অব্যবস্থাপনায় দেশ বর্তমানে এক গভীর সংকটের সম্মুখীন হয়েছে। তবে তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে এই সংকট কাটিয়ে উঠে দেশ পুনর্গঠনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে যে সাহসিকতার প্রয়োজন, তা একমাত্র তারেক রহমানের নেতৃত্বেই সম্ভব। তিনি অর্থনৈতিক বৈষম্য নিরসনে নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে জানান, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে বর্তমান সরকার দায়বদ্ধ। কোনো গোষ্ঠী বা দলের স্বার্থে নয়, বরং দেশের মানুষের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।

বিজ্ঞাপন

মাদক, চাঁদাবাজি ও দখলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন, নিজ নিজ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় সরাসরি ভূমিকা রাখতে হবে। চাঁদাবাজ ও দখলদারদের চিহ্নিত করে তাদের পুলিশের হাতে সোপর্দ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা জনগণের শান্তি বিঘ্নিত করবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি নেতাকর্মীদের ধৈর্য ধারণ করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার পরামর্শ দেন।

সমাবেশে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন অভিযোগ করেন যে, একটি মহল রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, দেশের মানুষ বর্তমান সরকারকে পাঁচ বছরের জন্য ম্যান্ডেট দিয়েছে এবং এই সময়ের মধ্যে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোই সরকারের প্রধান লক্ষ্য। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ। বিশাল এই জনসভায় হাজার হাজার নেতাকর্মী অংশ নেন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

0%
0%
0%
0%